রাজধানীর কেরাণীগঞ্জ হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মন্টু @ মিঠুনকে (২৬ ) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার( ৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এনায়েত কবীর বলেন, বুধবার দিবাগত মধ্যরাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি গেইট ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মন্টু @ মিঠুন (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি ওয়ান শুটারগান, ০২ টি কার্তুজ (গুলি) ও ০১ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, মারামারি, অস্ত্র ও মাদকের ০৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

