ফেনীতে সোহাগ পরিবহনের একটি বাস থেকে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (এএসপি) মোঃ জুনায়েদ জাহেদী।
এ ঘটনায় পুলিশ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস জব্দ করেছে। র্যাব সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফেনীর লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে চট্টগ্রাম থেকে আগত ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশি চালায় র্যাবের একটি টহল দল। তল্লাশির একপর্যায়ে হঠাৎ করেই পালানোর চেষ্টা চালান বাসের হেলপার মোঃ জসিম উদ্দিন (২২)। তবে বেশিদূর যাবার আগেই তাকে আটক করতে সক্ষম হন র্যাবের সদস্যরা।পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, ইয়াবা উদ্ধারের পর ঐ ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো আরো ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি আমরা। সর্বমোট ১১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এএসপি মোঃ জুনায়েদ জাহেদী এ প্রসঙ্গে ঢাকা ট্রিবিউনকে বলেন, “বাসের হেলপার জসীম উদ্দিন চাকরীর আড়ালে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয় করে তার কোম্পানির বাস ব্যবহার করে অভিনব উপায়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। মাদকদ্রব্য আইনে আসামিকে গ্রেফতার দেখিয়ে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে”। র্যাব সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা।

