চট্টগ্রামে পাহাড়ধসের আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন একেখাঁন পাহাড় এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশনের প্রতিনিধিরা রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভুমিধসের আশংকায় আগাম সতর্কতার অংশ হিসেবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করা লোকজনকে সরিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এসব লোকজনের যাতে অসুবিধা না হয়, সেজন্য নগরের বিভিন্ন এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। অভিযানে নগরের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মনসুর, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আফরিন মোস্তফা, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতার এবং সিএমপির সদস্যরা উপস্থিত রয়েছেন।

