WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (49854) ORDER BY meta_id ASC
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে জানিয়ে এই সংস্থায় দুর্নীতির লেশমাত্রও না রাখার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জানিয়েছেন, নাগরিকদের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে, যেকোনো প্রয়োজনে যে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মঙ্গলবার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় তিনি এসব কথা বলেন। মেয়র তাপস বলেন, ‘আজ থেকে করপোরেশনের দরজা আপনাদের জন্য খোলা। আপনারা সরসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিকে আমি প্রশ্রয় দেব না এবং দুর্নীতির লেশমাত্র এই সংস্থায় রাখবো না।’ শেখ তাপস বলেন, ‘এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাবো। এজন্য বছরে ৩৬৫ দিন ১২ মাস ২৪ ঘণ্টা আমাদের কাজ করে যেতে হবে। ঢাকাবাসীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা সবাই নিষ্ঠা নিয়ে আন্তরিকতার সাথে করলে সব সংকট মোকাবেলা করেই আমরা করপোরেশনকে ঢাকাবাসীর আস্থা ও গর্বের সংগঠনে পরিণত করতে সক্ষম হবো।’
মেয়র বলেন, ‘এখন থেকে করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে। ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা তাদের নিয়েই করা হবে এবং তার বাস্তবায়ন করা হবে।’
আজকের বোর্ড সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক বা দায়িত্ব পালনে কোনো গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন দক্ষিণ সিটি মেয়র।
মেয়র শেখ তাপস ঢাকাবাসীর সুযোগ-সুবিধা বাড়াতে যৌক্তিকভাবে নতুন নতুন আয়ের খাত সৃষ্টির ঘোষণা দেন। তবে নাগরিকদের ওপর কোনো কর বাড়ানো হবে না বলেও জানান।

সভার শুরুতেই মেয়র মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্টে শহীদ তার প্রয়াত পিতা শেখ ফজলুল হক মনি, মা আরজু মনিসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মেয়র মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরণ ইত্যাদি কাজে কাউন্সিলরদের সক্রিয় সহায়তা কামনা করেন।
বোর্ড সভায় মেয়র উন্নয়নকাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা এবং তাদের সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এবং কাউন্সিলররা সপ্তাহে একদিন সমস্যা নিরসনে তার সঙ্গে আলাপ করতে পারবেন। এজন্য সপ্তাহের একটি দিন ধার্য করে দেবেন বলেও কাউন্সিলরদের আশ্বস্ত করেন।
নবনির্বাচিত কাউন্সিলররা মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের প্রত্যাশামাফিক বিভিন্ন সমস্যা নিরসনের আশ্বাসে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
