রাজশাহীতে জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবককে নির্যাতনের পর গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে জুয়াড়িরা। আহত যুবকের নাম মোয়াজ্জেম হোসেন লিটন (৩২)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার এলাহী বক্সের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত লিটন জানান, গত এক মাস ধরে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকার সুগন্ধা মেসের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছিল। ওই এলাকার রাজু, বাবু, রিপন ও তারেক মিলে ওই জুয়ার আসর বসান। ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি অনলাইনে নিউজ প্রকাশ করতে সহযোগিতা করেন লিটন। এতে ক্ষুব্ধ হয়ে আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে লিটনকে ডেকে নিয়ে আসেন বাবু। এরপর সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে নিয়ে তাঁকে পেটাতে শুরু করেন বাবু এবং তার সহযোগী রিপন, রাজু ও তারেক। তারা সবাই মিলে পাশের চায়ের দোকান থেকে কেটলিতে করে গরম পানি নিয়ে লিটনের শরীরে ঢেলে দেন। লিটনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে মোয়াজ্জেমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত যুবক মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

