জামালপুরে সরিষাবাড়ীতে আজ বৃহস্পতিবার ভোরে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ নিহতের স্ত্রী মৌটুসী বেগম (২০) ও শাশুড়ি হাসি বেগমকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকায় আরামনগর বাজার জি এম সি কলোনির সুরুজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে গত দুই বছর যাবৎ স্বামী রকিবুল তরফদার রাব্বী (৩০) স্ত্রী মৌটুসীকে নিয়ে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-হাতাহাতির এক পর্যায়ে রাব্বি মারাত্মক আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে জরুরিভাবে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ সময় নিহতের স্ত্রী মৌটুসী ও তার মা হাসি বেগম হাসপাতালে লাশ রেখে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে।সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৌটুসী বেগম ও শাশুড়ি হাসি বেগমকে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রকিবুল তরফদার গত দুই বছর আগে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী মৌটুসীকে বিয়ে করে ভাড়াটিয়া বাসায় বসবাস করত। স্ত্রী মৌটুসী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি পরকিয়ায় আসক্ত বলে স্বামীর পরিবারের লোকজনদের ধারণা। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যেই ঝগড়া হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, সরিষাবাড়ী হাসপাতাল থেকে রকিবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের চোখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। স্ত্রী মৌটুসী বেগম ও শাশুড়ি হাসি বেগমকে জিজ্ঞাসাবাদের থানায় নেয়া হয়েছে।

