চট্টগ্রামের মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘরতাকিয়া এলাকার মের্সাস ফেবো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করে ৮ হাজার ৭শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় বরগুনা জেলার আমতলী থানার পূর্ব চিলা গ্রামের মৃত কালু আকনের ছেলে মো: হীরনকে (৪২) আটক করা হয়। র্যাব-৭ এর উপ-পরিচালক (মিডিয়া) শাফায়াত জামিল ফাহিম বলেন, চট্টগ্রাম থেকে কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে পণ্য পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাওয়ার খবর পেয়ে র্যাব-৭ এর সদস্যরা সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘরতাকিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিয়। আসামিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১০) আটক করে। এসময় মাদক ব্যবসায়ী মো: হীরনকে (৪২) আটক করা হয়। পরবর্তীতে ট্রাক তল্লাশী করে ট্রাকের ভিতরে ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৮,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

