সংশ্লিষ্টদের ই-নামজারি দ্রুত বাস্তবায়নের নির্দেশ: ভূমি প্রতিমন্ত্রী

0
882

ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ম্যানুয়েল সিস্টেমের কারণে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও মামলা মোকদ্দমার হার বেড়ে চলছে।  তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় পুরোপুরি অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা গেলে ভূমি সেবার মান বাড়বে ও জননিরাপত্তা নিশ্চিত হবে। তিনি ই-নামজারী দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
রাজধানীর মতিঝিল বিআইডব্লিউটিএ ভবনে ভূমি সংস্কার বোর্ডের অডিটোরিয়ামে ই-নামজারী সিস্টেমের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)দের দুইদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী চৌধুরী বলেন, ভূমি সমস্যা আগের চেয়ে অনেক কমে এসেছে তবে তা পুরোপুরিভাবে এখনো বাস্তবায়িত হয়নি। প্রতিমন্ত্রী বলেন, কিছুটা পরিবর্তনের জন্যই আমরা ভূমি অফিস মাঝে মধ্যে পরিদর্শন করি। মাঠ পর্যায়ের এসিল্যান্ড, তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারিদের মাঝে গুণগত পরিবর্তন আসছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন জনগণের সেবক হয়ে কাজ করার জন্য। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক উন্নত রাষ্ট্রের সাড়িতে দাঁড় করাতে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের মনমানসিকতা পরিবর্তনের জন্য দক্ষতা থাকা প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে কর্মচারী কর্মকর্তাদের সুবিধা অসুবিধা বিবেচনা করে পে-স্কেল, বৈশাখী ভাতা দিচ্ছেন। তিনি সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং সেবা প্রদানে আন্তরিক থাকার আহ্বান জানান।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান বলেন, ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ এবং সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য যথাযথভাবে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান রয়েছে। চেয়ারম্যান আরও বলেন, রেকর্ড রুমগুলো আধুনিকায়ন করা হচ্ছে। ই-মিউটেশনের কাজ শুরু করেছি। ঘরে বসে ই-মিউটেশন এর সেবা পাওয়ার জন্য মাঠপর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সৎ নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের চাহিদা মোতাবেক সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তাগণ অংশ নেন।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব সালমা আখতার জাহান, এ-টু-আই প্রকল্পের পরিচালক আ. মান্নান বক্তব্য রাখেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here