জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে Using arts and culture as a strategic approach to address extremism in Bangladesh
শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কর্মশালায় অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটিতে (Deakin University) অস্ট্রেলিয়ান এ্যাওয়ার্ড ফেলোশিপের আওতায় প্রশিক্ষণ-পরবর্তী বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন ফেলোশিপপ্রাপ্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার Ms. Julia Niblett অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যার বহিঃপ্রকাশ ঘটেছে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে। তিনি বলেন, এদেশের শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রেখে উগ্রপন্থা প্রতিহত করার মাধ্যমে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, তরুণ নেতৃবৃন্দের একাজে সবার আগে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনের সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রকিব হোসেন, যুগ্ম-সচিব ড. মোঃ হুমায়ূন কবির এবং ডেকিন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য ড. ফারা আজমাত বক্তৃতা করেন।

