জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক আদেশে তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেয়ার আদেশ জারি করা হয়। এজন্য তাকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে মোশাররফ হোসেন এ দায়িত্ব পালন করবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন। এর আগে গত বছরের ৩০শে জুন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে মোশাররফ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হয়। এছাড়া গত রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেয়া হয়। এ কারণে পদটি শূন্য হয়। মোশাররফ হোসেন ভূঁইয়া ২০১৪ সালের ২৬শে অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেন। ২০১৬ সালের ১১ই এপ্রিল সিনিয়র সচিব হন তিনি। গত বছরের ৩০শে জুন মোশাররফের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। কিন্তু পিআরএল বাতিল করে সরকার তাকে এক বছরের জন্য চুক্তিতে শিল্প
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দেয়। মোশাররফ হোসেন ভূঁইয়া বিসিএস ১৯৮১ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮১ সালের ৩০শে জানুয়ারি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে সহকারী কন্ট্রোলার মিলিটারি অ্যাকাউন্টস পদে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। চাকরি জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি প্রতিরক্ষা, অর্থ বিভাগ এবং হিসাব মহানিয়ন্ত্রকের অধীন বিভিন্ন অফিসে কাজ করেন। এছাড়া তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং বাণিজ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে কাজ করেন। মোশাররফ হোসেন ২০১০ সালের ৩রা ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (সাবেক যোগাযোগ মন্ত্রণালয়) সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান। ২০১০ সালের ২৯শে জুলাই তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এছাড়া তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মোশাররফ হোসেন ভূঁইয়া ১৯৫৭ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামে।

