মেয়র আতিকুল ইসলাম বিআরটিসির চারটি ডাবল ডেকার বাসের উদ্বোধন করেন

0
556

বুধবার (২৭ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চারটি ডাবল ডেকার বাসের উদ্বোধন করেন।

Advertisement

 

বাসগুলো বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরোপয়েন্ট পর্যন্ত চলাচল করবে। বিআরটিসি আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুটে আরও ২০টি বাস যুক্ত করবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, গত ১৯ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাবালে নূর ও সু-প্রভাত পরিবহন বন্ধ করে দেয়ার পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সার্ভিস উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে রাজধানীতে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে। উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here