সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কামারছড়া বনবিট কর্মকর্তার নির্দেশে প্রায় আড়াই হাজার ফসলী লেবু গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রফিক মিয়া অভিযোগ করেছেন। সিলেট বন বিভাগের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনে নতুন করে নার্সারি করতে গিয়ে রফিক মিয়ার ফলনকৃত লেবু বাগান কেটে ধ্বংস করা হয়েছে।
স্থানীয়রা জানান, কামারছড়া বনবিটের রাজকান্দি গ্রামের মৃত ঠাকুর মিয়ার ছেলে রফিক মিয়া বন বিভাগের ভিলেজার। বন রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি বনের ৬০ শতাংশ জমিতে প্রায় ২০ বছর ধরে ধান, আঁখসহ বিভিন্ন ফসল উৎপাদন করে আসছিলেন।কিন্তু বন্যপশুরা ফসলাধি নষ্ট করে ফেলায় গত ১০ বছর ধরে তিনি ওই জায়গায় লেবুর চাষ করে আসছেন।
সম্প্রতি ওই জায়গায় রফিক মিয়াকে নাজানিয়ে বনবিভাগ নার্সারি করার উদ্যোগ নেয় ও লেবু বাগানের গাছ কাটা শুরু করে।সেখানে ফরেষ্ট গার্ড সোহেল আহমদ কিছু শ্রমিক নিয়ে লেবু বাগানে গাছ কাটছেন। কেটেফেলা প্রতিটি গাছে রয়েছে ছোটবড় অসংখ্য লেবু। ফরেষ্ট গার্ড সোহেল আহমদ বলেন, তিনি কামারছড়া বিটে নতুন এসেছেন।
রেঞ্জ কর্মকর্তা আবু তাহের ও বিট কর্মকর্তা মীর বজলুর রহমানের নির্দেশে নতুন নার্সারি তৈরির জন্য লেবু গাছ কেটে জায়গা করছেন। আলাপকালে রফিক মিয়া জানান, তার লেবু বাগানে প্রায় আড়াই হাজার লেবু গাছ রয়েছে। প্রতিটি গাছে ফল আসায় ছোটবড় কয়েক লাখ লেবু রয়েছে গাছে।
তিনি বন বিভাগকে অনুরোধ করেছিলেন লেবু বিক্রির পর গাছগুলো কাটার জন্য। কিন্তু বনবিট কর্মকর্তা তার অনুরোধ না রাখায় তার দীর্ঘদিনের পরিশ্রম নষ্ট হয়ে গেছে। এতে তিনি প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয় লোকজন বলেন, একজন বন ভিলেজারের ৩ একর জমি কৃষিক্ষেত করার জন্য পেয়ে থাকেন। কিন্তু রফিক মিয়ার মাত্র ৬০ শতক জমিতে কৃষি ক্ষেত ছিল। ওই জমিতে রফিক মিয়ার পরিবার দীর্ঘদিন যাবৎ কৃষি ক্ষেত করে আসছেন।
কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন নার্সারি তৈরীর নামে ফসলভরা লেবুগাছ কেটে ফেলায় রফিক মিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেন। এ বিষয়ে বনবিট কর্মকর্তা মীর বজলুর রহমান বলেন, ‘নতুন নার্সারী করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই লেবু বাগান কাটা হয়েছে। বনে এতো জমি থাকতে ফলন ধরা লেবু বাগানের ফসলী গাছ কেটে নার্সারী করার প্রয়োজন ছিল কি, এমন প্রশ্নের জবাবে বিট কর্মকর্তা বলেন, রফিক মিয়ার সাথে আলোচনা করেই বাগানের গাছগুলো কাটা হয়েছে।

