শত শত মানুষের সামনে রাজধানীর মিরপুরে প্রধান সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণের পথ রোধ করে তার সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে মিরপুর-১২
নম্বরের মিরপুর সিরামিক ওয়ার্কসের সামনে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ১৮-২৫ বছর বয়সী তিন ছিনতাইকারী মিরপুর সিরামিক ওয়ার্কসের সামনের প্রধান সড়কে রিকশায় করে যাওয়ার সময় এক তরুণের গতিরোধ করে। জানা গেছে, মারধরের পর তার সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের বিষয়টি বুঝে উঠতেই কয়েকটি বাসের যাত্রী চিৎকার শুরু করলে দৌড়ে দেয়াল পার হয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মাজেদুল ইসলাম জানান, এ ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাননি তারা।

