মোটরসাইকেলে তিন পুলিশ সদস্য। হেলমেট নেই কারও । সিলেটের সড়কে আইন ভঙ্গে সবচেয়ে এগিয়ে রয়েছেন মোটরসাইকেল আরোহীরা।
সদ্য এনিয়ে জাগো সিলেটের সঙ্গে আলাপচারিতায় ক্ষোভও প্রকাশ করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা। তবে এবার নগরে খোদ পুলিশই নিয়ম না মেনে মোটরসাইকেল চালাতে দেখা গেছে। মঙ্গলবার (১২ মার্চ) নগরের চৌহাট্টা এলাকায় মোটরসাইকেলে তিন পুলিশ সদস্য হেমলেট ছাড়া চলাচলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ঐ তিন পুলিশ সদস্যের মাথায় হেলমেট নেই। এনিয়ে কড়া সমালোচনা করছেন সচেতন মহল। তাঁরা বলছেন, যারা আইন রক্ষায় কাজ করেন তারাই যদি আইন না মানেন সাধারণ জনগন তাহলে কি আইন মানবে। এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা জাগো সিলেটকে বলেন, ‘পুলিশ সদস্যদের এধরণের কাজ সত্যিই দুঃখজনক। যদি বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশের চোখে পড়তো তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হতো।’ উল্লেখ্য- মোটরযান আইন ১৯৮৮ (সংশোধনী) অনুসারে, চালক ও যাত্রী দুজনের মাথায় অবশ্যই হেলমেট থাকতে হবে। এ ছাড়া হাতে গ্লাভস ও পায়ে জুতা পরে তবেই চালকের আসনে বসতে হবে। এসব আইন না মেনে মোটরসাইকেল চালালে পুলিশ যেকোনো সময় মামলা করে দিতে পারে। আইনের ১৪০ ও ১৪৯ ধারা অনুসারে এই মামলা করা হয়।

