রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাছের তিনটি আড়তে অভিযান চালিয়ে ১০ টন জাটকা ইলিশ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ অভিযান শুরু হয়ে চলে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত।
অভিযানে জাটকা বিক্রির সঙ্গে জড়িত ৯ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, মৎস্য অধিদফতরের সহায়তায় র্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে নিউ শাপলা মৎস্য আড়ত, একতা মৎস্য আড়ত ও গোল্ডেন মৎস্য আড়তে প্রচুর পরিমাণে জাটকা পাওয়া যায়। এগুলোর একেকটি মাছের আকার ৩ থেকে ৫ ইঞ্চি, ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। এ ধরনের ছোট ইলিশ ধরা, বহন, সংরক্ষণ ও বিক্রি করা অপরাধ। পাশাপাশি এই মাছ কেনাও অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর আগেও এসব আড়তে অভিযান চালানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, তখনও প্রচুর মাছ জব্দ করা হয়েছিল। আবারও একই অপরাধ করায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা মাছগুলো পরে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়।

