ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুনের ঘটনা ঘটছে

0
557

ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব সঙ্ঘাত বাড়ছে, বাড়ছে খুনোখুনি। আধিপত্য বিস্তারের লড়াই, মতার দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে। গত আট মাসে তাদের অভ্যন্তরীণ কোন্দলে পৌনে দুই শ’র মতো সঙ্ঘাতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ২৫ জন। আহত হয়েছেন প্রায় দুই হাজার। অনেক ঘটনা রয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছে অসহায়।

Advertisement

সঙ্ঘাতময় উভয় গ্রুপ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি-ধমকি দেয়ার ঘটনাও রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুনের ঘটনা ঘটছে। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে সিলেটে ছুরিকাঘাতে এস এম আবদুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। জিন্দাবাজার এলাকার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এস এম আবদুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৫ আগস্ট কক্সবাজারের মহেশখালীর আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে যুবলীগ নেতা জিয়াবুলকে খুন করার অভিযোগ ওঠে। ১ আগস্ট ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ শেখকে (৩৫) গুলি করে ও গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনার এক মাস পরে গত শুক্রবার রাতে আজাদ শেখের স্ত্রী দিলারা আক্তার বাদি হয়ে ধর্মমন্ত্রীর ছেলে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্তসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। রাজধানীতে দুখু ও ফরহাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে। ১৫ জুন ডিশ ব্যবসায়ের নিয়ন্ত্রণ, পরিবহন থেকে চাঁদাবাজি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বাড্ডায় আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন (৫০) খুন হন। তিনি উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ১ জুলাই গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটো শরীফকে (৪৪) খুন করা হয়। ৩ জুলাই ময়মনসিংহের ত্রিশালে মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। আবদুল মতিন মাস্টার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ৯ জুলাই ছুরিকাঘাতে নওগাঁর ধামইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বাবু (৪৫) নিহত হন। তিনি ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ৫ জুন চাঁদপুরের ফরিদগঞ্জে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনা সুলতানা ফেন্সি (৫৭) খুন হন। ১৮ জুন নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারেছ মিয়া ছুরিকাঘাতে খুন হন। ১৩ মে খুন হয়েছেন যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম (৩৮)। এভাবেই ঘটছে একের পর এক খুনের ঘটনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আট মাসে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় পৌনে দুই শ’ সহিংস ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ২৫ জন। আহত হয়েছেন দুই হাজারের ওপরে। মানবাধিকার সংগঠন অধিকার-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাসীনরা ক্ষুদ্র স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দলীয় অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিচারের আওতায় আনা যায় না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here