কেন পাওলির এত দাম

4
1743

কলকাতার পাওলি দাম বলিউডে পা রেখেছিলেন আরও তিন বছর আগে। তিনি প্রথম অভিনীত ছবি ‘হেট স্টোরি’ দিয়ে দারুণ হইচই ফেলে দিয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বলিউডে তার ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশাবাদী হলেও গত কয়েক বছরে তেমন এগোতে পারেননি এ বাঙালি অভিনেত্রী।কলকাতার বাংলা সিনেমায় অফ ট্র্যাকের দুর্দান্ত সাহসী মেধাবী অভিনেত্রী হিসেবে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পাওলি আবারও হিন্দি ছবির দর্শকদের হৃদয়ে তোলপাড় তুলতে আসছেন নতুন আরেকটি সিনেমা নিয়ে।
এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘ইয়ারা সিলি সিলি’। একজন পতিতা ও যুবকের প্রেম কাহিনী নিয়ে আবর্তিত ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন পাওলি। তার অভিনীত চরিত্রটির নাম মল্লিকা। বলিউডে এটি তার চতুর্থ ছবি।
‘হেট স্টোরি’ ছবিতে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে ঝড় তোলার পর এ ধরনের চরিত্রে তাকে আরও দেখা যাবে বলে ধারণা করা হলেও পরবর্তী সময়ে পাওলিকে দেখা গিয়েছিল ভিন্ন ধারার ছবি ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’-এ।
এ ছবিতে একজন নারী আইনজীবীর ভূমিকায় তার সিরিয়াস অভিনয় অনেককে অবাক করেছে। হয়তো ‘হেট স্টোরি’র পাওলিকে এমন সিরিয়াস চরিত্রে দেখা যাবে তা যেন কেউ ভাবতে পারেনি। গত বছর পাওলি হিন্দি সিনেমায় একজন আইটেম গার্লরূপে আবির্ভূত হন। ‘গ্যাং অব ঘোস্টস’ ছবিতে তাকে একটি আইটেম সংয়ে পারফর্ম করতে দেখা গেছে। ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’-এর নারী আইনজীবী কিংবা ‘গ্যাং অব ঘোস্টস’-এর আইটেম গার্লরূপে পর্দায় উপস্থিত হয়ে পাওলি তেমন চাঞ্চল্য সৃষ্টি করতে পারেননি।
এবারের ‘ইয়ারা সিলি সিলি’ ছবিতে একজন পতিতার ভূমিকায় তাকে আবারও খোলামেলা দৃশ্যে দেখা যাবে। এ ছবিতে পাওলির মুখের কিছু অশ্লীল সংলাপ নিয়ে সেন্সর বোর্ড প্রথমে আপত্তি তুলেছিল। তবে পরবর্তী সময়ে অভিনীত চরিত্রের কারণে সংলাপগুলো ছবিতে থাকার যৌক্তিতা মেনে নিতে হয়েছে তাদের। ফলে ছবিতে পাওলির সাহসী অভিনয় দেখার ব্যাপারে দর্শকদের কৌতূহল বেড়েছে।
নিজের অভিনীত চতুর্থ হিন্দি সিনেমা ‘ইয়ারা সিলি সিলি’ নিয়ে পাওলির উচ্চাকাঙ্খা নেই বলেই জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের ‘সত্তা’ ছবিতেও অভিনয় করছেন পাওলি। কলকাতার বাংলা ছবিরও নিয়মিত অভিনেত্রী তিনি। অভিনীত চরিত্রের দাবি মেটাতে যে কোনো সাজে কিংবা সাহসী ভঙ্গিতে পর্দায় উপস্থিত হতে সংস্কারমুক্ত এ বাঙালি অভিনেত্রী টালিউডে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জনের পর বলিউডে ক্যারিয়ারের পরিধি বাড়াতে সচেষ্ট হলেও এখনও পরিস্থিতি তার পুরোপুরি অনুকূলে আসেনি।
‘ইয়ারা সিলি সিলি’ ছবিটি হয়তো পাওলিকে আরও কিছুটা এগিয়ে দেবে। মেধাবী এ বাঙালি অভিনেত্রী বলিউডে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে পারবেন এমনটিই ভাবছেন বোদ্ধারা। সম্প্রতি আবার বিয়ের পিঁড়িতে বসারও ঘোষণা দিয়েছেন। বর প্রেমিক অর্জুন। আগামী ৪ ডিসেম্বর এ বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাওলি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here