নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে বাসচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া কাঁচপুরের উমর আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনায় তার মা ও দুই সহপাঠী মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাঁচপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম শিকদার বলেন, সকালে দুর্ঘটনা হলে শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। দুই ঘণ্টা ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করা হচ্ছে।

