প্রতিষ্ঠানের গাড়ীতে অন্যান্য সকল সহপাঠিরা নির্দিষ্ট গন্তব্যে নেমে গেছে, নিজ গন্তব্যে নামার প্রস্তুতি নিচ্ছিলেন নবম শ্রেণীর এক ছাত্রী। এসময় বাধা হয়ে দাড়াল প্রতিষ্ঠানের পরিবহন চালক।
জনারণ্য এলাকায় সে গাড়ীতে ছাত্রীকে নামতে দিচ্ছিলনা। যা দৃষ্টি এড়ায়নি মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করেন তিনি। এরই সাথে আটক করেন চালককে। পরে অভিযুক্ত চালককে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে ৩ দিনের সাজা প্রদান করে আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত করা হয়। অভিযুক্ত চালক ফারুফ (২৮) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকাবাড়ী এলাকার আব্দুল জলিলের ছেলে। সে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানের পরিবহনের চালক। সে ঘটনার সময় ঢাকা মেট্রো-ব ১১-১০৮৫ গাড়ীটির চালক ছিল। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, এঘটনায় অভিযুক্ত চালককে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালত অভিযুক্তকে ৩দিনের সাজা প্রদান করেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হুসেন জানান, তিনি দুপুরের দিকে মাওনা চৌরাস্তায় দায়িত্বপালন করছিলেন। এসময় দেখতে পান শিক্ষা প্রতিষ্ঠানের একটি গাড়ীর ভেতর থেকে একটি ছাত্রী নামতে চায়লেও এর বাধা দিচ্ছিল। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখলেও গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের গাড়ী বলে সাহসে এগিয়ে যায়নি। এসময় আমার দৃষ্টি গেলে আমি গাড়ীর কাছে যেতেই চালক গাড়ীটির গতি বাড়ানোর চেষ্টা করে। পরে চালকের উদ্দেশ্য খারাপ বুঝতে পেরে দ্রুত গাড়ী থেকে ছাত্রীকে উদ্ধার করি এবং চালককে আটক করা হয়। প্রতক্ষ্যদর্শী,ছাত্রী ও তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি দেলোয়ার হোসেন আরো জানান, ছাত্রীটি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার মা স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। তারা মাওনা চৌরাস্তায় এলাকায় ভাড়া থাকে। ছাত্রীটি বিদ্যালয়ে প্রতিষ্ঠানের গাড়ীতে করে যাতায়াত করে বিদ্যালয়ের পাঠদানে অংশ নিত। সে প্রতিদিন মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচ থেকে গাড়ীতে উঠত আবার একই স্থানে এসে নামত। কিন্তু ওই দিন চালক নির্দিষ্ঠ স্থানে গাড়ী না থামিয়ে সামনে নিয়ে যায়। এছাড়াও গত কিছুদিন ধরেই অভিযুক্ত গাড়ী চালক নানা ভাবে এই ছাত্রীকে উত্যক্ত করে আসছে বলেও জানা যায়।

